ওয়ানবাংলানিউজ: বাংলা টিভি‘র ঐতিহ্যবাহী পিঠামেলা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর ২০১৯, শনিবার। এ উপলক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বলা হয়েছে এবারের মেলা বিষয়-বৈচিত্রে আরো ভিন্নতা নিয়ে আসবে।
সম্প্রতি বাংলা টিভির ইউরোপ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়েছে এবার পিঠাকে বিলেতের রেস্টুরেন্টে বাজারজাত করণে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন(বিসিএ), ইউকেবিসিসিআই, বিবিসিএ-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং ব্যবসায়ীগণ উপস্থিত থাকবেন এবং এ বিষয়ে দিক নির্দেশনা দিবেন। এছাড়া মেলায় পিঠা শিল্পীদের উৎসাহ দিতে পুরস্কার এবং সনদ প্রদান করা হবে। এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে ‘পিঠার গান‘ এবং বাংলাদেশ থেকে আগত এবং স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এবার বাংলা টিভি পিঠামেলা অনুষ্ঠিত হবে পার্ল গার্ডেন, ৯০-৯৬ হাইস্ট্রীট নর্থ(আরগোসের উপরে) ইস্টহাম, লন্ডন ই৬ ২এইচটি এ। মেলায় বাংলাদেশ থেকে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক, পরিচালক ড. দিনাক সোহানী পিংকিসহ একটি টিম অংম গ্রহণ করবেন।
উল্লেখ্য, বাংলা টিভি ২০০৮ সাল থেকে সাফল্যজনক ভাবে এ পিঠামেলার আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলার খাদ্য সংস্কৃতির সবচেয়ে অলংকৃত খাবার পিঠাকে বিলেতের মাটিতে নব রূপ দিতে এবারও মেলা আয়োজিত হবে। এতে অংশ নেবেন প্রায় অর্ধ শতাধিক পিঠাশিল্পী। যারা নিজেদের কর্ম নৈপুন্য উপস্থাপন করবেন তাদের রকমারী পিঠায়। সেই সাথে পিঠাকে বিভিন্ন রেস্টুরেন্টে কিভাবে ডিসার্ট হিসেবে ব্যবহার করা যায় সে বিষয়ে নিজেদের অভিমত ব্যক্ত করবেন। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক কবি মিলটন রহমান, সাংবাদিক সরওয়ার হোসেন, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, তারেকুল ইসলাম চৌধুরী, মনোয়ার আহমেদ এবং মুবিন ভুঁইয়া কাজলসহ আরো অনেকে। সভা শেষে কর্মকর্তারা পিঠামেলার ভ্যানু পার্ল গার্ডেন পরিদর্শন করেন। তারা বলেন, দৃষ্টি নন্দন নতুন এই হলটি কমিউনিটির চাহিদা পুরণে বিশেষ ভ’মিকা রাখবে। যোগাযোগের বিশেষ সুবিধার ফলে এ ভ্যানুতে অনুষ্ঠান আয়োজন সহজতর হবে।















