ওবামাকেয়ার বাতিলে স্বাস্থ্যবীমা হারাবে ৩ কোটি ২০ লাখ লোক

708

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্প প্রশাসনের ওবামাকেয়ার বাতিলে স্বাস্থ্য বীমা হারাতে পারেন আমেরিকার তিন কোটি ২০ লাখ নাগরিক।

বুধবার কংগ্রেসকে একথা জানিয়েছে কংগ্রেসনাল বাজেট অফিস।

বাজেট ও অর্থনৈতিক তথ্য প্রদানকারী কেন্দ্রীয় সংস্থাটি জানায়, ওবামাকেয়ার বা স্বাস্থ্য সুরক্ষা আইন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিল হলে কেবল আগামী বছরই হেলথ ইনস্যুরেন্স হারাবেন ১ কোটি ৭০ লাখ আমেরিকান।

কঠিন হবে নতুন স্বাস্থ্যসেবা পাওয়া। বীমার আওতায় আসতে তাদের খরচ বাড়বে ২৫ ভাগ। যা দ্বিগুণ হবে ২০২৪ সাল নাগাদ।

দল নিরপেক্ষ সিবিওর বিশ্লেষণ বলছে, ওবামাকেয়ার বাতিলে স্বাস্থ্যসেবা খাতে কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি কমানো হবে ৪৭ হাজার ৩শ’ কোটি ডলার।

ট্রাম্পের রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে দু’বার নতুন স্বাস্থ্যসেবা বিল তোলা হলেও পাস হয়নি। ওবামাকেয়ার বাতিলে আসছে সপ্তায় ভোটের পরিকল্পনা করছেন সিনেরটরা।

ক্ষমতা গ্রহণের আগে ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এ বিশেষ স্বাস্থ্য সেবাটি বাতিল করা। সাবেক প্রেসিডেন্ট ওবামার আমলের সবচে’ উল্লেখযোগ্য অবদান বলে বিবেচিত এ আইনের প্রধান লক্ষ্য ছিল সেদেশের যে ১৫ শতাংশ মানুষের কোনরকম স্বাস্থ্য বীমা নেই, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা।