খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লীগে আজ বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নিজেদের ইতিহাদ স্টেডিয়ামে ব্রাইটন অ্যান্ড আলবিয়নকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোচ পেপ গার্দিওলার দল। তবে অপর ম্যাচে শেফিল্ড ওয়েনেসডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
ঘরের মাঠে দুই অর্ধে দুটি-দুটি করে মোট চারটি গোল করে ম্যান সিটি। ২ মিনিটের মাথায় ডেভিড সিলভার অ্যাসিস্টে সিটিজেনদের এগিয়ে দেন বেলজিক তারকা কেভিন ডি ব্রুইন। বিরতির আগে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। ৫৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আগুয়েরো। ইতিহাদে আর্জেন্টাইন ফরোয়ার্ডের মোট গোল দাঁড়ালো ৯৯টি।
এরপর ৭৯তম মিনিটে পর্তুগিজ তারকা বারনার্দো সিলভার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।
এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের শেষ ১৮ ম্যাচে ১৭ জয় পেল ম্যান সিটি। সর্বশেষ তারা হেরেছিল গত জানুয়ারিতে নিউক্যাসলের বিপক্ষে। ৪ ম্যাচে ৩ জয় আর এক ড্র করেছে গার্দিওলার দল।
স্ট্যামফোর্ড ব্রিজে শেফিল্ডের বিপক্ষে চেলসির শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদীয়মান তারকা ট্যামি আব্রাহাম ১৯ মিনিটে প্রথম গোল এনে দেন চেলসিকে। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন তিনি। এ নিয়ে চলতি মৌসুমে ৪ ম্যাচে ৪ গোল করলেন আব্রাহাম। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে শেফিল্ডের ব্যবধান কমান কলাম রবিনসন। এরপর ৮৯তম মিনিটে কুর্ত জুমার আত্মঘাতি গোলে জয় বঞ্চিত হয় চেলসি।















