ঢাকা সংবাদদাতা: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীরব হোসাইনের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই স্কুলছাত্রী অন্ত:সত্ত্বা হয়ে পড়েছেন। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে নীরব নীরবে এলাকা ছেড়ে পালিয়েছে।
মেয়েটির এক আত্মীয় জানান, নীরব দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে মেয়েটিকে ধর্ষণ করে আসছিলেন। এখন মেয়েটি অন্ত:সত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। এতে মেয়েটি সহ তার পুরো পরিবার লোকলজ্জার মুখে পড়েছেন। অথচ ওই ছাত্রলীগ নেতা গা ঢাকা দিয়েছেন।
চরতারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল হক টুটুল বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীরব হোসাইন এ ইউনিয়নের একটি স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। মেয়েটি সম্প্রতি অন্ত:সত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ের জন্যে চাপ দিলে নীরব এক সপ্তাহ ধরে আত্মগোপনে চলে গেছে। এমন অভিযোগ আমি পেয়েছি।
এ ব্যাপারে নীরবের চাচা ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান বাবু মেয়েটির অন্ত:সত্ত্বা হওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, আমরা স্থানীয়ভাবে তাদের বিয়ের চেষ্টা করছি। আমাদের এক অভিভাবক বাড়ির বাইরে অবস্থান করছেন। তিনি এলাকায় এলেই বসে এই সমস্যার সমাধান করা হবে।
বিষয়টি নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ বলেন, আমরা বিষয়টি শুনেছি এবং নিশ্চিত হয়েছি। কারো ব্যক্তিগত দায়ভার ছাত্রলীগ নেবে না। এরই মধ্যে তাকে মৌখিকভাবে বহিষ্কার করা হয়েছে, লিখিতভাবেও গিগগির বহিষ্কার করা হবে।















