অবৈধ অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করতেই গ্যাসের মূল্য বৃদ্ধি: রিজভী

285

ঢাকা সংবাদদাতা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান অবৈধ সরকার জনগণের জীবন-জীবিকায় আঘাত হানার উদ্দেশ্যেই ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। আওয়ামী সরকার জনগণের সমর্থনপ্রত্যাশী নয় বলেই এরা জনগণের ভাল-মন্দ বিচার করে না। জনগণকে শোষণই এদের একমাত্র লক্ষ্য।

তিনি বলেন, শোষণ চালিয়ে সরকারের লোকদেরকে অবৈধ অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করে দিতেই গ্যাসের মূল্য বৃদ্ধির বোঝা চাপানো হয়েছে জনগণের কাঁধে। আমরা অবিলম্বে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য জোর দাবি জানাচ্ছি।

গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার দুপুর পৌনে ১টার দিকে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণ করেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদরেজ জামান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুবদল দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাশার, কবির মাস্টার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম আবুল কালাম আজাদ, আউলাদ হোসেন উজ্জল, সহ-সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন লোবান, ফরহাদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা ইউসুফ হারুন পাটোয়ারী, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, মধ্যরাতে ভোট চুরির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল ও ভয়াবহ দুঃশাসনে দেশের জনগণ ফুঁসছে। এছাড়া বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি এবং চিকিৎসা না দিয়ে তাকে নিঃশেষ করে দেয়ার জন্য সরকারের গভীর ষড়যন্ত্রে জনগণ বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। যেকোনো মূহুর্তে জনতার ঢেউ রাস্তায় উত্তাল হয়ে উঠবে।

বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার প্রধান এখন বিশ্বব্যাপী সেরা স্বৈরাচারী শাসক হিসেবে পরিচিতি লাভ করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়ে তিনি জুলুমের শাসন বলবৎ করেছেন। দেশের জনগণ যাতে বর্তমান অবৈধ সরকারের এই জুলুমের শাসনের বিরুদ্ধে সোচ্চার হতে না পারে সেজন্য বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এর নেতৃত্বে মিছিল শুরু হলে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন ও এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কণ্ঠে শ্লোগান দেয়।