গুম নয়, অনেকে স্বেচ্ছায় নিখোঁজ : হাছান

541

ঢাকা সংবাদদাতা: গুম হওয়া নেতাকর্মীদের যে তালিকা বিএনপি প্রকাশ করেছে, তাঁদের অনেকেই স্বেচ্ছায় নিখোঁজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন হাছান মাহমুদ।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে গুম হওয়া নেতাকর্মীদের তালিকা প্রকাশ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে তালিকার বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘গুমের যে তালিকা বিএনপি প্রকাশ করেছে, তাদের অনেকেই স্ব-ইচ্ছায় নিখোঁজ। অনেকেই বিভিন্ন মামলার কারণে পালিয়ে বেড়াচ্ছে।’

‘পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে। আর তা মোকাবিলা করতে সেসব দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। কিন্তু আমাদের দেশের একটি দল (বিএনপি) তা প্রতিহত না করে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ড. শাহেদা ওবায়েদ বলেন, ‘আমার স্বামী ওবায়দুর রহমান পরবর্তীতে বিএনপি করেছেন। কিন্তু তাঁর রাজনীতি শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে আওয়ামী লীগ দিয়ে। সে কারণে আমাকে অনেকে বিএনপির ব্র্যাকেটে ফেলে দেন। কিন্তু আমি আজ অবধি, কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্যও না। কাল কী হবে, জানি না।’

‘আমার মেয়ে বিএনপি করে, এটা সত্য। ৪০ বছরের একটা মেয়ে কী করবে, কোন রাজনীতি করবে, সেটা তার ব্যাপার। কিন্তু জেনে রাখা ভালো, তাঁর শ্বশুর আওয়ামী লীগ করেন, শ্বশুরের পরিবারের সবাই আওয়ামী লীগ করেন।’

বিএনপি ক্ষমতায় থাকাকালে জামায়াতের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশে সন্ত্রাসবাদের শুরু হয়েছিল বলে মন্তব্য করেন শাহেদা ওবায়েদ। তিনি বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের সময় ঢাকা কলেজে প্রভাষক হিসেবে যোগ দিই। তখন দেখেছি ওই জামায়াতের নেতারা কীভাবে যুদ্ধাপরাধ করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। সেই জাতীয় মানবতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে সন্ত্রাসবাদের শুরু করেছিলেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে শাহেদা বলেন, ‘তিনি যখনেই বাইরে যান, তখনই একটা প্রেসক্রিপশন নিয়ে আসেন এবং দেশে এসে নৈরাজ্য চালান। এইবারও হয়তো তিনি ডিজিটাল প্রশিক্ষণ নিয়ে এসে হত্যা, নৈরাজ্য ও সন্ত্রাসবাদ চালাবেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য (এমপি) তালুকদার মোহাম্মদ ইউনুছ, তাঁতী লীগের কার্যকরী সভাপতি সাধনা দাস গুপ্ত প্রমুখ।