ব্যাংককে চিকিৎসা নিতে যাচ্ছেন অসুস্থ বিএনপি নেতা সানাউল্লাহ

378

ঢাকা সংবাদদাতা: দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন। আজ বুধবার তার ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তার পরিবারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া শাহজালাল রহ. বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন।

এদিকে মঙ্গলবার বিকালে সানাউল্লাহ মিয়াকে দেখতে তার পান্থপথের বাসায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রমুখ।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সানাউল্লাহ মিয়া।তিনি দীর্ঘদিন ধরে বিএনপির সক্রিয় রাজনীতি করছেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য তিনি।