২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত নিপুণ রায়

409

ঢাকা সংবাদদাতা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় তার সঙ্গে দলের অনেক নেতাকর্মীকেও অবরুদ্ধ করে রাখা হয়। রোববার ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিপুণ রায় সাংবাদিকদের বলেন, ‘ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে মহিলাদের নিয়ে একটি ঘরোয়া বৈঠক করছিলাম। বৈঠকের শেষ দিকে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে।’

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দক্ষিণ কেরাণীগঞ্জে মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। বৈঠক শুরু হলে স্থানীয় পুলিশ বাসা ঘিরে রাখে এবং প্রোগ্রাম বন্ধ করতে বলে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পুলিশকে সংযত ও পেশাদার আচরণ করতে বলেন রুহুল কবির রিজভী।

এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের পুত্রবধূ এবং বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে। মামলা থাকায় গত ১৮ এপ্রিল ভারত যেতে দেয়া হয়নি নিপুন রায় চৌধুরীকে। তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। মানবন্দর ইমিগ্রেশন থেকে বলা হয়, মামলা থাকায় তাকে বিদেশ যেতে না দেয়ার নির্দেশনা আছে। তাই যেতে দেয়া হয়নি। পরে স্বামী ও মেয়ে চলে গেলেও বিমানবন্দর থেকে ফিরে আসেন নিপুণ রায়।