ওয়ানবাংলানিউজ: বিশ বছর আগে ১৯৯৯ সালের ২৪ এপ্রিল মাসে পূর্ব লন্ডনের বাঙালি অধ্যূষিত ব্রিক লেন সহ লন্ডনের তিনটি স্থানে নেইল বোমা হামলায় হতাহতদের স্মরণ করা হয়েছে বুধবার।
১৯৯৯ সালের ১৭ এপ্রিল সাউথ লন্ডনের ব্রিক্সটনে, ২৪ এপ্রিল ইস্ট এন্ডের ব্রিক লেনে এবং ৩০ এপ্রিল ওয়েস্ট এন্ডের সোহো এলাকায় অবস্থিত দ্যা এডমিরাল ডানকান পাব নামের একটি গে পানশালায় এই বোমা হামলা চালানো হয়েছিলো। প্রতিটি বোমার মধ্যে ছিলো ১৫০০ নেইল বা পেরেক। এসব হামলায় একজন অন্তসত্বা নারি সহ তিন জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছিলেন, যাদের মধ্যে চার জনের অঙ্গহানি হয়েছিলো।
বিশ বছর আগে লন্ডনের এশিয়ান, কৃষ্ণাঙ্গ ও গে কমিউনিটিকে টার্গেট করে যে ভয়াবহ হামলা চালানো হয়েছিলো, তা স্মরণ করতে এবং সকল ধরনের ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াতে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতেই ১৭-২৪-৩০ ন্যাশনাল হেইট ক্রাইম এওয়ারনেস উইক এই স্মরণ কর্মসূচির আয়োজন করেছে।
২৪ এপ্রিল বুধবার বিকালে ব্রিক লেনে তিনটি মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে নেইল বোমা হামলায় হতাহতদের স্মরণ করা হয়। এসময় নিবেদিত কবিতা পড়ে শোনান এলজিবিটি কবি ট্রুডি হোসন। এরপর ঘটনাস্থলে একটি স্মারক নামফলক উন্মোচন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। এসময় তার সাথে ছিলেন, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কেবিনেট মেম্বার কাউন্সিলর মতিন উজ-জামান, কাউন্সিলর আসমা বেগম সহ বেশ কয়েকজন কাউন্সিলর, কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ উইল টাকলি, বারা পুলিশ কমান্ডার সু উইলিয়ামস, কমিউনিটি নেতৃবৃন্দ।















