সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

652

ঢাকা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত টিপু শিবগঞ্জ উপজেলার পশ্চিম চর-পাকার বিশ রশিয়া গ্রামের ফড়িং বিশ্বাসের ছেলে (২০)।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে টিপুসহ বেশ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশ করেন। রাত ১২ টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যান্তরে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়লে টিপু ঘটনাস্থলেই মারা যান। এসময় অন্য রাখালরা টিপুর লাশ নিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন। ভোররাতে তড়িঘড়ি করে নিহতের লাশ তার স্বজনরা দাফন করে দেন বলে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে। এরপর থেকেই টিপুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

স্থানীয় পাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য দুরুল হক জানান, বিএসএফের গুলিতে টিপু নামে একজন মারা গেছে বলে তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত তিনি জানেন না বলে জানান।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার বাংলাদেশ জার্নালকে জানান, ভারতের জঙ্গিপুরে বিএসএফর গুলিতে এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন বলে তিনি শুনেছেন। খবর পেয়ে তিনি ওয়াহেদপুর সীমান্ত এলাকায় যান। কিন্তু যে ব্যক্তির মারা যাওয়ার খবর প্রচার হয়েছে তার বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তাই ওই ঘটনায় কেউ মারা গেছেন কি না তা এখনো নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছেন তিনি।