ঢাকা সংবাদদাতা: বিমান ছিনতাইয়ের চেষ্টার দায়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে নিহত যুবক মাহমুদ পলাশের (২৪) লাশ নিতে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো স্বজন চট্টগ্রাম যায়নি।
বিকেলে ময়নাতদন্ত শেষে পলাশের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
জানা যায়, নিহত পলাশ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পিয়ার সরদারের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে সিএমপির পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ইউএনবিকে বলেন, ‘আমরা তার অভিভাবকের জন্য অপেক্ষা করছি। তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। তবে লাশ নিতে কেউ এখনো আমাদের সাথে যোগাযোগ করেনি।’
ওসি আবুল কাসেম বলেন, ‘আমরা আগামীকাল (মঙ্গলবার) সকাল পর্যন্ত অপেক্ষা করব। কেউ লাশ না নিলে আনজুমানে মফিদুল ইসলামকে দাফনের জন্য দেওয়া হবে।’
এদিকে নিহত পলাশের লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে তার পরিবার। দুপুরে পলাশের বাবা পিয়ার সরদার সাংবাদিকদের এ কথা জানান।
পিয়ার সরদার বলেন, ‘পলাশ আমার একমাত্র ছেলে। আমার তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে জান্নাত নামে চার বছরের এক মেয়ে আছে। পলাশ পরিবারের অবাধ্য সন্তান ছিল। তাই তার লাশ আমরা গ্রহণ করতে চাই না।’















