বিএনপি নেতারা সব বিষয়ে নাক গলায়: কাদের

439

ঢাকা সংবাদদাতা: বিএনপি নেতারা সব বিষয়ে নাক গলায় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নালিশ করাই বিএনপির রাজনীতি। তারা (বিএনপি) শুধু নালিশই করতে পারে আর সব বিষয়ে নাক গলায়।

আজ সোমবার বিকেল পৌনে ৪টায় রাজধানীর ফার্মগেটে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি) লেন-৬ এর স্টিল স্ক্রু পাইল ড্রাইভিং কাজের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পিলখানা বড় মামলা। এতো আসামি ও সাক্ষী, তারপরেও বিচারকাজ সম্পন্ন হয়েছে। এটা নিয়ে দেশ-বিদেশে কোথাও সমালোচনা নেই। কিন্তু বিএনপি নেতারা সব বিষয়ে নাক গলায়। বিএনপির উচিত, এতো স্বচ্ছভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারকে ধন্যবাদ দেয়া। তারা শুধু নালিশই করতে জানে।

চকবাজারের আগুনের ঘটনা নিয়ে শিল্পমন্ত্রীসহ আওয়ামী লীগের কয়েক নেতার মন্তব্যর বিষয়ে তিনি বলেন, এটা তাদের ব্যক্তিগত মন্তব্য। সরকার তার কাজ করে যাচ্ছে। সরকার দায় এড়াতে পারে না বলেই প্রধানমন্ত্রীর নির্দেশে গোডাউন সরানোর কাজ শুরু হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মেট্রোরেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফাইজসহ অন্য কর্মকর্তারা।