নাইজেরিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ৩৯

553

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতায় ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনকে ১৯৯৯ সালে সামরিক শাসন অবসানের পর থেকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের।

লাগোসভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্সের তথ্যের উদ্ধৃতি দিয়ে ৭০টিরও বেশি নাগরিক গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী মঞ্চ সিচুয়েশন রুম নিহতের এ সংখ্যা জানিয়েছে।

সাবেক সামরিক শাসক ক্ষমতাসীন প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী মুহাম্মাদু বুহারি দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ৭২ বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী আতিকু আবুবকর।

তবে স্থানীয় পুলিশের উপমহাপরিদর্শক আবদুল মাজিদ আলী জানান, পুলিশ এখনও তথ্য সংগ্রহ করছে। এ কারণে হতাহতের সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।

এ ছাড়া সারা দেশে নির্বাচন সম্পর্কিত বিভিন্ন অপরাধে ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে ২০১৫ সালের শেষ প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতায় শতাধিক লোক নিহত হয়েছিল। সেই তুলনায় এবারের এ সংখ্যা অনেক কম বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ।