ইসরাইলি পতাকা পায়ে মাড়ালেন জর্ডানের মন্ত্রী

819

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডান সরকারের এক মন্ত্রী ইসরাইলি পতাকা পায়ে মাড়িয়ে ভবনে প্রবেশের একটি ছবি কেন্দ্র করে অভিযোগ দায়ের করেছে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইল।

খবরে বলা হয়েছে, ইসরাইলি পতাকার নকশা মাড়িয়ে জর্ডানের তথ্যপ্রতিমন্ত্রী জুমানা গুনিয়ামাতা আম্মানের বাণিজ্য ইউনিয়ন ভবনে একটি বৈঠকে যান। পতাকার নকশার মধ্যে মানুষের পায়ের ছাপও গাঁথা রয়েছে।

ইউনিয়ন অফিসের কর্মকর্তারা বলেছেন, ইসরাইলের সঙ্গে জর্ডানের সম্পর্ক স্বাভাবিকীকরণ ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্বের প্রতিবাদে ভবনের প্রবেশপথে ইহুদি রাষ্ট্রটির একটি পতাকাজুড়ে দেয়া হয়েছে।

জর্ডানের রাষ্ট্রদূতের কাছে এ ঘটনার ব্যাখ্যা দাবি করেছে ইসরাইল।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ কুটারনেহ বলেন, এ ঘটনায় ইসরাইল তাদের কাছে ব্যাখ্যা দাবি করেছে। তারা বিষয়টি কূটনৈতিকভাবে সামলানোর চেষ্টা করছেন।

তিনি বলেন, ইসরাইলকে জানানো হয়েছে যে, ভবনটি ব্যক্তিগত মালিকানার। একটি আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে ওই মন্ত্রী ভবনটির মূল প্রবেশ দ্বার দিয়ে ভেতরে ঢুকেছেন। কিন্তু আমরা ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তিতে সম্মান প্রদর্শনের ওপরই জোর দিচ্ছি।

১৯৯৪ সালে ইসরাইল ও জর্ডান একটি শান্তিচুক্তি সই করে। কিন্তু জেরুজালেমে ইসরাইলি নীতি নিয়ে মতপার্থক্যের কারণে দুই দেশের সম্পর্ক হিমশীতল অবস্থায় রয়ে গেছে।

কারণ জেরুজালেমে মুসলিম স্বার্থ ও ফিলিস্তিনিদের তত্ত্বাবধায়ক হচ্ছে জর্ডান। এ ছাড়া মিসরের সঙ্গেও অবৈধ রাষ্ট্রটির কূটনৈতিক সম্পর্ক রয়েছে।