ওয়ানবাংলানিউজ: ব্রেক্সিট পরবর্তী ভবিষ্যত সম্পর্ক বিষয়ে খসড়া চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। এ চুক্তির মাধ্যমে দুই পক্ষের ভবিষ্যৎ সম্পর্ক ইস্যু’র নিষ্পত্তি হলো। ফলে চলতি সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাজ্যের ইইউ ত্যাগের চুক্তি ব্রেক্সিট এর খসড়া চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। বিবিসি।
ইউরোপীয় নেতারা বলেছেন, কিভাবে বাণিজ্য, নিরাপত্তা ও অন্যান্য ইস্যু চালু থাকবে তার রাজনৈতিক ঘোষণায় ‘নীতিগতভাবে সম্মত’ হওয়া গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বৃহস্পতিবার আরও পরের দিকে এই বিষয়ে বিবৃতি দেবেন।
বুধবার ব্রাসেলসে থেরেসা মে ও ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট জেন ক্লদ জাঙ্কারের মধ্যে বৈঠকের পরদিন রাজনৈতিক ঘোষণায় সম্মত হওয়ার খবর প্রকাশ হয়। এর আগে ২০১৯ সালের ২৯ মার্চ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার খসড়া শর্তে সম্মত হয় লন্ডন ও ব্রাসেলস।
ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক টুইটারে বলেন, ‘দুপক্ষের সম্পর্কের খসড়া রাজনৈতিক ঘোষণা পাঠিয়েছি। কমিশনের প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন, এটা আলোচক পর্যায়ে সম্মতি এসেছে এবং রাজনৈতিক পর্যায়ে নীতিগত সম্মত হওয়া গেছে। এখন নেতৃবৃন্দের বিবেচনা করার বিষয়।’
আসছে সপ্তাহের ইইউ সম্মেলনে ব্রেক্সিট ও ভবিষ্যৎ সম্পর্কের রাজনৈতিক খসড়া চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। আর তা স্বাক্ষরিত হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের পার্লামেন্টে তা অনুমোদন করিয়ে নেওয়ায় মনোযোগ দিতে পারবেন। তবে যুক্তরাজ্যের অভ্যন্তরে ব্রেক্সিট ইস্যুতে জোরালো বিতর্কের মধ্যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করছেন অনেকেই।















