চীনে গিয়ে সেঞ্চুরি করলেন রানি

642

বিনোদন ডেস্ক: টোল পড়া হাসির অভিনেত্রী রানি মুখার্জি। একসময় নায়িকা চরিত্রে তুমুল জনপ্রিয় ছিলেন। অভিনয় করেছেন বলিউডের শীর্ষ নায়কদের সঙ্গে। তবে মাঝে অনেক বছর তিনি বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে চলতি বছর কামব্যাক করেন রানি। চলতি বছরের মার্চে মুক্তি পায় তার নতুন সিনেমা ‘হিচকি’।

ভারতে ‘হিচকি’ ভালো ব্যবসা করেছিলো। ৫০ কোটির বেশি আয় করেছিলো সিনেমাটি। সাফল্যের ধারাবাহিকতায় চীনে মুক্তি পায় এই সিনেমা। আর সেখানেই বাজিমাত করেছে এটি। হাতে গোনা কয়েক দিনেই চীনে ১০০ কোটির বেশি ব্যবসা করেছে ‘হিচকি’।

বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে বলেছেন, চীনে বড় চমক দেখাল ‘হিচকি’। ১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলল এই ছবি। শুরুর দিকে একটু ধাক্কা খেলেও ছবির সাফল্য এসেছে মূলত উইকেন্ডেই। ২৫ অক্টোবর অবধি এই ছবি ব্যবসা করেছে ১০২ কোটি টাকার কাছাকাছি। আর এটাই কন্টেন্ট নির্ভর ছবির শক্তি।

‘হিচকি’ ছবির এমন সাফল্যে উচ্ছ্বসিত রানি মুখার্জিও। তিনি বললেন, ভাল ছবির জন্য ভাষা কখনো বাধা হয়ে দাঁড়ায় না। সোজা দর্শকের হৃদয়ে গেঁথে যায় সেই ছবি। আর চীনে ‘হিচকি’-র সাফল্য সে কথাটাই আরো একবার প্রমাণ করে দিল।

রানি আরো বলেন, জানি আমরা একটা স্পেশ্যাল ছবি তৈরি করেছি। কিন্তু সে ছবির এমন বিশ্বব্যপী সাফল্য আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়।

ব্র্যাড কোহেনের বই ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘হিচকি’। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা।