নির্বাচনকালীন সরকার বলতে কিছু নেই: মওদুদ

985

ঢাকা সংবাদদাতা: নির্বাচনকালীন সরকার বলতে সংবিধানে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংস‌দ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

মওদুদ আহমদ বলেন, নির্বাচনকালীন সরকার বলতে সংবিধানে কিছু নেই। সরকার যদি তা করতে চায় তাহলে সকল দলের মতামতের ভিত্তিতে করতে হবে। আর যদি অবৈধভাবে সরকার ক্ষমতায় থাকতে তাহলে দেশের জনগণ তা হতে দেবে না।

তিনি বলেন, নির্দলীয় নি‌রপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই দাবিটি যারা অসাংবিধানিক বলেছে, তারা অবাস্তব কথা বলেছে। এই কথা সংবিধান সম্মত কী না? এর জবাব জনগণ দেবে- নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আদায় করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘ গিয়েছিলেন- একারণে আওয়ামী লীগের নেতারা আতঙ্কিত ও বিচলিত হয়ে উল্টাপাল্টা কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি মোশারফ হোসেন খোকন, তেজগাঁও থানা সহসভাপতি হাফিজুর রহমান কবির ,শাহবাগ থানার কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।