ঢাকা সংবাদদাতা: রাজধানীর তেজগাঁও-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় সড়ক বিভাজকে সংস্কার কাজ করার সময় মাইক্রোবাস চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৮ আগস্ট) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. আলী জানান, রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সড়ক সংস্কারের কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। সে সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে সড়ক সংস্কারের কাজ করতে থাকা দুই শ্রমিক শফিকুল ইসলাম (৪০) ও ইসমাইল হোসেন (৪০) গুরুতর আহত হন।
তিনি আরো জানান, পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫ টায় শফিকুলকে মৃত ঘোষণা করেন। আহত ইসমাঈল হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশংকাজনক।
নিহত শফিকুল ইসলাম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাকান্দি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। আহত ইসমাইল হোসেন একই এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।














