রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের সাজা বহাল

2142

সিলেট সংবাদদাতা: জালিয়াতির মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের ১৪ বছর কারাদণ্ডের রায় বহাল রেখেছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের বিশেষ দায়রা জজ দিলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা-বাগানের ৪২২ দশমিক ৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল রাগীব আলী দখল করেন বলে অভিযোগ ওঠে। পরে অবৈধভাবে দখলের মামলায় ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান হিরো বাবা-ছেলেকে ১৪ বছরের সাজা দেন। পরে এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করে আসামী পক্ষ।

আদালতের পিপি নওশাদ আহমদ চৌধুরী জানান, আপিল নিষ্পত্তির জন্য সিলেটের বিশেষ দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। শুনানি শেষে আদালত আগের রায় বহাল রেখে আদেশ দিয়েছে।

এর আগে, ২০০৫ সালে জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় দুটি মামলা করেন সিলেট সদরের তৎকালীন কমিশনার (ভূমি) এসএম আব্দুল কাদের। মামলা হওয়ার ১১ বছর পর সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত সুপার সারোয়ার জাহান ২০১৬ সালের ১০ জুলাই দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেন।

স্মারক জালিয়াতি ছাড়াও প্রতারণার মাধ্যমে ভূমি আত্মসাতের অপর মামলায় গত বছরের ৬ এপ্রিল রাগীব আলীকে ১৪ বছর আর তার ছেলে আব্দুল হাইকে ১৬ বছরের সাজা দেয় আদালত।