আগের স্ত্রীকেই বিয়ে করবেন হৃতিক রোশন

959

বিনোদন ডেস্ক: চার বছর প্রেম করার পর ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন হৃতিক রোশন ও সুজান খান। কিন্তু খুব বেশি বছর তারা একসাথে সংসার করতে পারেনি। ২০১৩ সালে বিয়ের ১৩তম বিবাহবার্ষিকীর ঠিক এক সপ্তাহ আগে ১৩ ডিসেম্বর তারা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। শেষ পর্যন্ত আদালতে চূড়ান্ত বিচ্ছেদ হয় ২০১৪ সালে। এরই মধ্যে কেটে গেছে আরো ৫ বছর।

তবে দীর্ঘদিন পর আশার কথা হচ্ছে, দুই ছেলের মা ও সাবেক স্ত্রী সুজানকে আবারো বিয়ে করতে যাচ্ছেন হৃতিক! শোনা যাচ্ছে, সন্তানদের কথা ভেবে তারা আবারো এক হচ্ছেন। তাদের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, বিয়ের জন্য হৃতিক ও সুজান প্রস্তুতি নিতে শুরু করেছেন। যদিও কবে সেই মাহেন্দ্রক্ষণটি আসছে, তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

কিছুদিন আগে হৃতিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সুজান লিখেছেন, হৃতিক সবসময় তার জীবনের সূর্যকিরণ। আর এ সব ব্যাপারগুলোই তাদের আবারো এক হওয়ার কথাবার্তাই ইঙ্গিত দিচ্ছে।

শুধু তাই নয়। বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে সুজানকে প্রশ্ন করা হয়েছিলো, তার ভালবাসার মানুষটির নাম কী? এক বাক্যে সুজান জানিয়েছিলেন, ‌‘হৃতিক রোশন’। ব্যতিক্রম নন হৃতিকও। তিনিও স্বীকার করেছেন, তিনি ও সুজান ভাল বন্ধু। আর বন্ধুত্ব যেখানে বর্তমান, ভাল সম্পর্ক যেখানে বর্তমান, সেখানে আর বিবাহ বিচ্ছেদ কেন? সেই কারণেই হয়তো ফের একসঙ্গে ঘর বাঁধার কথা ভাবছেন তারা। এখন শুধু বাঁশি বাজার অপেক্ষা।