আন্তর্জাতিক ডেস্ক: বর্ষীয়ান হলিউড অভিনেতা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার বলেছেন, পুতিনের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংয়ের সময় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে একটা নুডলসের মতো লাগছিল এবং পুতিনের সামনে একজন ‘ভক্ত বালকের’ মতো আচরণ করছিলেন ট্রাম্প।
সোমবার ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ট্রাম্প-পুতিন বৈঠকের পর ৭০ বছর বয়সী ‘টার্মিনেটর’ তারকা ইন্সটাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্পের বিরুদ্ধে বিষোদগার করেন।
ভিডিওতে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, মাত্রই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আপনার বিরক্তিকর প্রেস কনফারেন্স দেখলাম। আমার মনে হচ্ছিল, আপনি সেখানে একটা ছোট নুডলসের টুকরার মতো দাঁড়িয়ে ছিলেন, মনে হচ্ছিল আপনি যেন পুতিনের ভক্ত বালক।’
শোয়ার্জনেগার আরও বলেন, ট্রাম্পকে দেখে মনে হচ্ছিল যেন তিনি সেখানে ‘অটোগ্রাফ’ বা ‘সেলফি’ নিতে গিয়েছিলেন। ওই প্রেস কনফারেন্সে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা সহ ‘সব খারাপ’ জিনিস ট্রাম্প বিকিয়ে দিয়েছেন বলে মনে করেন এই হলিউড তারকা।
অবশ্য কেবল শোয়ার্জনেগারই নন, যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার পল রায়ান, সিনেট লিন্ডসে গ্রাহাম, জন ম্যাককেইন সহ অনেক মার্কিন রাজনীতিবীদই হেলসিঙ্কিতে ট্রাম্পের দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন।















