ঢাকা সংবাদাদতা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ২৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত। মঙ্গলবার মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ঠিক ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করেনি কারাকর্তৃপক্ষ।
সকালে খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে বিচারক ২৪ জুলাই জামিনের মেয়াদ বাড়ানোর কথা জানান।
ঢাকার বকশী বাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ৫ এর বিচারক ড. আখতারুজ্জামান আদালতে মামলাটি বিচারকাজ চলছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। এতে খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অন্য তিনজন হলেন-খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এতে সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন।















