রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

656

ঢাকা সংবাদদাতা: রাজধানীতে পৃথক দুটি স্থানে ট্রেনের চাকার তলায় কাটা পড়ে অজ্ঞতনামা এক কিশোর ও নারী নিহত হয়েছেন।সোমবার সকাল ও রোববার রাতে খিলগাঁও ও খিলক্ষেতে এই দুর্ঘটনাগুলো ঘটে।

সোমবার সকালে খিলক্ষেত খাঁপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ১৪ বছর বয়সী এক কিশোর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার পরিচয় জানা যায়নি। মৃতের পরনে ছিল থ্রি কোয়ার্টার জিন্স প্যান্ট ও গেঞ্জি।

এর আগে রোববার রাতে খিলগাঁও পুলিশ ফাঁড়ির বিপরীত রেললাইনে ঢাকাগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পথচারীরা আহতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই নারীরও পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ত্রিশ।

ময়নাতদন্তের জন্য লাশ দু’টি মর্গে রাখা হয়েছে।