ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যের বাংলাদেশীদের মধ্যে মিউজিক, আর্টস এবং মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে যাদের মেধা, যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের কাজের স্বীকৃতি ও সম্মাননা জানাতে প্রতিষ্ঠা করা হয়েছে ’ইস্ট ঊড’ অ্যাওয়ার্ডস। এটাকে অনেকে প্রবাসে বাঙালীদের অস্কার হিসাবেও আখ্যায়িত করে থাকেন। গত ২৪ জুন অনুষ্ঠিত হয় দ্বিতীয় অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এতে বিশেষ ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড লাভ করেছেন প্রবীন সাংবাদিক ও দর্পণ সম্পাদক মোঃ রহমত আলী। তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন কলাম লেখক হিসাবেও বেশ সুখ্যাতি অর্জন করেছেন।
এবার অন্যান্য যারা ইস্টউড অ্যাওয়ার্ডস লাভ করেছেন তাদের মধ্যে রয়েছেন, প্রিন্ট মিডিয়ার বেস্ট জার্নালিস্ট হিসেবে সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, বেস্ট টিভি রিপোর্টার ক্যাটাগরিতে এওয়ার্ড পান চ্যানেল এস’র চীফ রিপোর্টার ও লন্ডন বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের। বেস্ট ফিমেইল নিউজ প্রেজেন্টার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড লাভ করেন চ্যানেল এসে’র নিউজ প্রেজেন্টার ডাক্তার নাহিদ অদিতি এবং ওন-লাইন ক্যাটাগরিতে এওয়ার্ড লাভ করেন। সানরাইজ টুডের উপস্থাপক এনাম চৌধুরী।
এবার টিভি এডভার্টে মডেলিংয়ের জন্যে মিরাজ খান রাজ ও জেরিন স্মৃতি একাধিক ক্যাটাগরিতে এওয়ার্ড লাভ করেন। এছাড়া প্রবীন সঙ্গীত শিল্পী হিমাংশু গোস্বামি ও প্রবীন কৌতুক অভিনেতা তসলিম আহমদসহ শিশু শিল্পীরাও অভিনয় ও সঙ্গীতের জন্য এওয়ার্ড পান।
অনুষ্ঠানে শিল্পী প্রপা আনোয়ার মিউজিক কম্পোজিশন এবং চ্যানেল এস’র সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার জাকি রেজোয়ানা আনোয়ার গীতিকার হিসা বে ও চ্যানেল এস এর আমার গাও এর উপস্থাপক শায়েক সওদাগর এওয়ার্ড পান।
তাছাড়া মডেলিং, ড্রামা, ড্যান্স, ফ্যাশন শো মডেল, সোস্যাল মিডিয়া ইত্যাদি ক্যাটাগরিতে বিভিন্নজনকে এওয়ার্ড প্রদান করা হয়।
এওয়ার্ড বিজয়ীরা মনে করেন, সুদূর প্রবাসে তাদের ক্রিয়েটিভ কাজকে আরো উতসাহিত করবে এই এওয়ার্ড।
টিভি প্রেজেন্টার কুহিনুর কবির’র উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে বক্তৃতা করেন চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, নিউহাম কাউন্সিলের ডিপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, প্রাইম এস্টেট প্রোপার্টির কাজি আরিফ সহ বিশিষ্টজন এওয়ার্ড প্রদানে অংশ নেন।
ইস্টউড এর আয়োজকরা আগামীতে এই আয়োজন আরো সমৃদ্ধ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অ্যাওয়ার্ডস অনুষ্ঠানকে সফল করতে যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও মিডিয়া, বিভিন্নভাবে সহযোগিতা করেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এর প্রতিষ্ঠাতা মিনহাজ কিবরিয়া ও চেয়ারম্যান সিরাজ হক।















