ঢাকা সংবাদদাতা: ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় অবস্থিত হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ময়মনসিংহ দমকল বিভাগের ৯টি ইউনিট কাজ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ভয়াবহতা এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৭ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ছে পাশের কয়েকটি বিল্ডিং এ। ওই মার্কেটে ছোট বড় প্রায় দেড়শটি কাপড়ের দোকান রয়েছে।
ময়মমসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক শহিদুল হক জানান, জেলার ৪টি ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আশেপাশে পানির উৎস না থাকায় সমস্যা হচ্ছে। সেই সঙ্গে সংকীর্ণ মার্কেটে ঠাসাঠাসি করে থাকা পণ্যে বোঝাই দোকানগুলোর আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীদের।
এদিকে হকার্স মার্কেটকে ঘিরে স্থানীয় উৎসুক জনতার ভিড় বাড়ছে। এ কারণেও আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। স্থানীয় র্যাব ও পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরমাণ জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনের লেলিহান শিখায় তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ঈদ সামনে রেখে নিজেদের এমন সর্বনাশ মেনে নিতে না পেরে হাউমাউ করে কাঁদছেন তারা।















