ঢাকা সংবাদদাতা: কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক সন্তান প্রসবে অপ্রয়োজনে সিজারিয়ান অপারেশন করলে সেটি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। রবিবার সচিবালয়ে সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালগুলোতে সিজারিয়ান অপারেশনে সন্তান জন্মের হার ৭০ থেকে ৮০ শতাংশ। কোথাও কোথাও তার চেয়ে বেশি। অথচ এটা হওয়ার কথা ছিল সর্বোচ্চ ১৫ শতাংশ।
প্রতিমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় সিজার বন্ধ করতে আমরা কাজ করছি। এটা কমাতে আমরা ইতিমধ্যে একটি ফরম করেছি। যদি কোনো প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান হয় তাহলে তার বিষয়ে বিস্তারিত জবাবদিহি করতে হবে। এ ক্ষেত্রে রোগীর কোন কোন সমস্যার কারণে সিজারিয়ান করা হলো, তা উল্লেখ করতে হবে। তিনি বলেন, সিজারিয়ান করলে একজন মায়ের নানা ধরনের ক্ষতি হয়। তাকে দুর্বল করে দেওয়া হয়।
সোমবার নিরাপদ মাতৃত্ব দিবস পালনের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দিবসটিতে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সকালে একটি শোভাযাত্রা বের হবে। বিকালে হবে আলোচনা সভা। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় নানা উদ্যোগ রয়েছে। এর একটি হলো কমিউনিটি ক্লিনিক। এখানে মায়েরা সেবা নিয়ে থাকেন।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার রয়েছে প্রায় চার হাজার। সেখানে প্রসব কার্যক্রমসহ নানা কাজ হয়ে থাকে। প্রতিটি জেলা ও উপজেলায় সরকারি পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতেও স্বাভাবিক প্রসবের পাশাপাশি সিজারিয়ানের ব্যবস্থা রয়েছে।















