তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

775

ঢাকা সংবাদদাতা: ময়মনসিংহ, বরিশাল ও ফেনী জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধের’ তিন জন নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, কিছু মাদক বিক্রেতা মাদক ভাগাভাগি করছে এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে নগরীর মাসকান্দা গনশার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

পরে অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হন মাদক সম্রাট বিপ্লব। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২শ’ গ্রাম হিরোইন, ২শ’ পিস ইয়াবা, তিনটি গুলির খোসা ও দুটি চাকু উদ্ধার করেছে পুলিশ।

এদিকে ব‌রিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউ‌নিয়নের দ‌ক্ষিণ চরআইচা গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় পু‌লিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ অজ্ঞাত প‌রিচয় এক যুবক নিহত হয়েছে।

ওসি নুরুল ইসলাম পি‌পিএম জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে শায়েস্তাবাদ সংলগ্ন নদীতে আলো ‌দেখতে পেয়ে ডি‌বি পু‌লিশের এক‌টি টিমের সন্দেহ হয়। তারা কাছাকা‌ছি গেলে ডাকাত সদস্যরা পু‌লিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ডি‌বি পু‌লিশ পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমা‌নিক ৩৮ বছর। ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ১টি রামদা, ১টি চাপা‌তি ও ৮ রাউন্ড গু‌লির খা‌লি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি নুরুল ইসলাম।

অন্যদিকে ফেনীর ছাগলনাইয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আলমগীর উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা বলে দাবি পুলিশের। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠাননগর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ওই এলাকায় বড় ধরনের একটি মাদকের চালান রয়েছে। এ সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে অভিযান চালানো হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা আলমগীর ও তার দল পুলিশকে লক্ষ্য গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে গেলেও আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) এম মোর্শেদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আলমগীরের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। তিনি উপজেলার চিহ্নিত ইয়াবার ডিলার ও ফেন্সিডিল ব্যবসায়ী ছিলেন।