ঢাকা সংবাদদাতা: রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ট্রাকচাপায় কালু দাস (৫০) নামের এক ব্যক্তির হাত-পা থেঁতলে গেছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
কালুকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ট্রাকের চাপায় কালুর ডান পা থেঁতলে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতটিও থেঁতলে গেছে। সেটি বিচ্ছিন্ন করতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এসআই আরো বলেন, রাত ১২টার দিকে দয়াগঞ্জ সুইপার কলোনির সামনে দাঁড়িয়ে ছিলেন কালু। ওই সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।















