ঢাবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারে সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত রাজপথে ফের আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা।
এর আগে সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছিলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের বিষয়ে কোনো অগ্রগতি নেই। তার এ বক্তব্যের পর মঙ্গলবার এই সংবাদ সম্মেলনে করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা।
গত ৮ এপ্রিল থেকে চারদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১১ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করে সব চাকরিতে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরদিন আন্দোলন স্থগিত করেন কোটা সংস্কার আন্দোলনের নেতা কর্মীরা। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলও বের করেছিলেন তারা। কিন্তু মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সোমবারের বিবৃতির পর ফের আন্দোলনের ঘোষণা দিল কোটা সংস্কারের সমর্থক শিক্ষার্থীরা।















