ঢাকা সংবাদদাতা: আসন্ন রমজানে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রসঙ্গত, চলতি গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বিতরণকারী সংস্থা, পেট্রোবাংলা, এফবিসিসিআই ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের অভিযোগ থাকলেও আসন্ন রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে বলেও নসরুল হামিদ। তিনি বলেন, আশা করছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন। আইন মতে যেভাবে দোকান চালু রাখা সেভাবে করবেন। আর আলোকসজ্জা যতটুকু কম ব্যবহার করা যায়, সেদিকে খেয়াল রাখবেন।
সভায় জানানো হয়, রমজান মাসে দোকানপাট, বিপণি বিতান খোলা রাখার বিষয়ে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে। তাছাড়া পিক আওয়ারে রি-রেলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইস্ত্রির দোকানসহ বেশি বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জাম বন্ধ রাখা, সুপার মার্কেট, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহার বন্ধ রাখা, ইফতার ও সেহরির সময় শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের এসির ব্যবহার সীমিত রাখা এবং ইফতার, তারাবি ও সেহেরির সময় লোডশেডিং না করার সিদ্ধান্ত জানানো হয়।
সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, চলতি মাসেই জাতীয় গ্রিডে আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
এসময় বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মানসুর মো. ফয়জুল্লাহ, ডেস্কো, ডিপিডিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।














