‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর অস্ট্রেলিয়া চাপ অব্যাহত রাখবে’

564

ঢাকা সংবাদদাতা: রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। শনিবার সিডনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এই অবস্থান ব্যক্ত করেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

বিকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে টার্নবুলের সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এই দুই নেতার মধ্যে দেড় ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টি উঠলে বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থনের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ইহসানুল করিম আরো বলেন, মিয়ানমার যেন তাদের নাগরিকদের ফেরত নেয় সেজন্য চাপ অব্যাহত থাকবে বলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য আরো সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তাদের জন্য অস্থায়ী বাসস্থান নির্মাণের বিষয়েও টার্নবুলকে জানান শেখ হাসিনা।

এর আগে শুক্রবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বিভিন্ন পর্যায় থেকে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা।
টার্নবুলের সঙ্গে বৈঠকে ওসানোগ্রাফিতেও (সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা) অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও দুই প্রধানমন্ত্রী আলোচনা করেছেন বলে জানান ইহসানুল করিম। বাণিজ্য ও বিনিযোগ বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত প্রকাশ করেছেন তারা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এসময় সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীও ছিলেন।