ঢাকা সংবাদদাতা: রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে গ্রিনলাইন পরিবহণের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে রাসেল নামের এক প্রাইভেট কার চালকের বাঁ-পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার বিকাল ৩টার দিকে সেখানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসটি এবং তার চালককে আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি জানান, গ্রীন লাইন পরিবহনের বাসটি ঢাকায় প্রবেশের জন্য যাত্রাবাড়ী ফ্লাইওভার অতিক্রম করছিল। ফ্লাইওভারের মাঝের কোন স্থানে বাসটি প্রাইভেটকারকে হালকা ঘষা দিয়ে ওভারটেক করে। এ ঘটনার পর প্রাইভেটকার চালক গাড়ি দ্রুত চালিয়ে বাসটিকে ওভারটেক করেন। পরে বাসটিকে থামানোর নির্দেশ দিলে, চালক রাসেলকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এতে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। রাসেলকে ঢামেকে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় রাসেলকে। ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া বলেন, দুপুরে হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় তার বাম পা কাটা পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে।
এদিকে অবস্থার অবনতি হলে বিকেলে রাসেলকে ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।















