খেলাধুলা ডেস্ক: ক্রিকেট পাড়ায় বেশ আলোচিত ছিল রুবেল-হ্যাপি ইস্যু। গোপনে প্রেমের পরে ২০১৫ সালে রুবেলের বিরুদ্ধে হয় নারী নির্যাতনের মামলা। যার জন্য জেলেও যেতে হয়েছিল বাংলাদেশ পেসারের। তবে বিসিবির হস্তক্ষেপে সেটি থেকে রেহাই পায় রুবেল।
এরপর পরিবারের পছন্দে ২০১৬ সালে ইসরাত জাহান দোলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু গত দুই বছর নিজের ব্যাপারে কাউকে তেমন কিছুই জানাননি রুবেল হোসেন। অবশেষে অন্তর্জালে নিজের স্ত্রীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন টাইগার এ পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ত্রীর সঙ্গে একই ফ্রেমে বন্দি হওয়া দুটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার স্ত্রী।’
অবশ্য স্ত্রীর নাম প্রকাশ করেননি রুবেল। এমনকি রুবেলের স্ত্রী ঢাকাতে নাকি নিজ জেলা বাগেরহাটে রয়েছেন সে ব্যাপারে কিছুই খোলসা করতে চাননি তিনি। ছবিটি আপলোড হওয়ার ৩০ মিনিটের মাথায় ১ হাজারের বেশি কমেন্ট, ১২ হাজারের বেশি লাইক পড়েছে।
সম্প্রতি, অসুস্থতার কারণে সদ্য শেষ হওয়া বিসিএলে খেলতে পারেননি রুবেল। বাগেরহাটে পরিবারের কাছেই ছিলেন এ সময়টায়। এখন পুরোপুরি সুস্থ।















