‘ব্রিটিশ ভিসা প্রদানের ক্ষেত্রে ত্রুটি রয়েছে’-‘ল সোসাইটি’

2543

ওয়ানবাংলাডেস্ক: যুক্তরাজ্যের ভিসা প্রদানের ক্ষেত্রে মারাত্মক ত্রুটি রয়েছে বলে মন্তব্য করেছে দেশটির আইনজীবীদের সংগঠন ‘ল সোসাইটি’। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আদালতে চ্যালেঞ্জ করা হলে অভিবাসন বিভাগের প্রত্যাখ্যান করা প্রায় ৫০ শতাংশ সিদ্ধান্ত উল্টে যায়।

ইংল্যান্ড ও ওয়েলসের সলিসিটারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ল সোসাইটি বলছে, ত্রুটিপূর্ণ সিদ্ধান্তগুলো অনেকের পারিবারিক জীবন ও ব্যবসার ক্ষেত্রে ধ্বংসাত্মক প্রভাব ফেলছে। এটি আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করছে। ভিসা প্রদান প্রক্রিয়া ত্রুটিমুক্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ল সোসাইটির প্রেসিডেন্ট জো ইগান বলেন, সরকারের বিচার বিভাগের তথ্য অনুয়ায়ী, ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর যাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন, তাঁদের প্রায় ৫০ শতাংশ আদালতের মাধ্যমে ভিসা পেয়েছেন। তিনি বলেন, ভিসা প্রদানে ভুল সিদ্ধান্ত কিংবা সিদ্ধান্ত প্রদানে অস্বাভাবিক বিলম্বের ঘটনা প্রায়ই ঘটে। এমন প্রতিটি ঘটনা আবেদনকারীর জীবনে মারাত্মক প্রভাব ফেলে।
অভিবাসন বিভাগের এক মুখপাত্র বিবিসিকে বলেন, কোনো কোনো আবেদনের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্বের ঘটনা ঘটে থাকে। তবে আদালতে গিয়ে ভিসা পাওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। অনেক সময় দেখা যায়, আবেদনকারী আদালতে নতুন কোনো প্রমাণ হাজির করেছেন, যা ভিসা আবেদনের সময় দেওয়া হয়নি।
সূত্র-প্রথম আলো