বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় ও জমকালো আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসর বসছে আগামী মাসে। ফ্রান্সের নদীঘেরা শহর কানে আগামী ৮ মে থেকে শুরু হবে এই জমজমাট উৎসব। এরই মধ্যে প্রায় সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো চলচ্চিত্র বিশ্ব উন্মুখ হয়ে অপেক্ষা করছে কানের পর্দা ওঠার।
কান উৎসবের বিভিন্ন দিক নিয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহ থাকে। তার মধ্যে অন্যতম এর অফিশিয়াল পোস্টার। প্রতি বছর একটি ব্যতিক্রমী ও আকর্ষণীয় পোস্টার করা হয় কান উৎসবের জন্য। এবার সেই পোস্টারে স্থান পেয়েছেন দু’জন তারকা। যারা ভালোবাসায় মগ্ন হয়ে গভীর চুম্বনে আবিষ্ট হয়ে আছেন।
সম্প্রতি কানের ওয়েবসাইটে এবারের উৎসবের অফিশিয়াল পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারটি মূলত ফরাসি নির্মাতা জ্যঁ-লুক গদারের ‘পিয়েরো দ্য ম্যাডম্যান’ (১৯৬৫) ছবির দৃশ্য দিয়ে তৈরি করা হয়েছে। আলোকচিত্রী জর্জেস পিয়েরের (১৯২৭-২০০৩) তোলা এই ছবিটির নতুন ডিজাইন করেছেন গ্রাফিক্স ডিজাইনার ফ্লো ম্যাকুইন। এতে ড্রইং, পেইন্টিং ও ডিজিটাল আর্টের সঙ্গে রঙের মিশ্রণ ঘটিয়েছেন তিনি।
উল্লেখ্য, ৮ মে শুরু হয়ে কান উৎসব চলবে আগামী ১৯ মে পর্যন্ত। এবারের কানের পর্দা উঠবে ‘এভরিবডি নৌস’ ছবির প্রদর্শনের মাধ্যমে। এছাড়া এবারের প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান হিসেবে থাকছেন অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট।












