ভেঙে পড়লো তাজমহলের প্রবেশদ্বারের একাংশ

883

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড়বৃষ্টিতে ভেঙে পড়েছে তাজমহলের প্রবেশদ্বারের মিনারের একাংশ। স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার রাতে আগ্রায় প্রবল বর্ষণসহ ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশী গতিবেগে ঝড় বয়ে যায়। এতে ভেঙে পড়ে তাজমহলের দক্ষিণদিকের রাজকীয় প্রবেশদ্বারের মিনারের একাংশ। এটি দরওয়াজা-ই-রওজা নামে পরিচিত। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট একটি সাদা গম্বুজও।

সপ্তদশ শতকে মোঘল আমলে স্থাপিত ১২ ফুট লম্বা মিনারটি ধাতুর তৈরি এবং কারুকার্যখচিত। এরআগে ২০১৬ সালে পরিস্কার কাজ চলাকালে তাজমহলের ভেতরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, তাজমহলের মালিকানা নিয়ে মামলা চলছে ভারতের সুপ্রিম কোর্টে। উত্তর প্রদেশের সুন্নী ওয়াকফ বোর্ড তাজমহলের মালিকানা নিজেদের বলে দাবি করেছে। তাদের দাবি, সম্রাট শাহজাহান এক ওয়াকফনামায় তাজমহলসহ পুরো সম্পত্তি ওই সংগঠনের নামে লিখে দিয়েছিলেন।