ব্রিটেন পার্লামেন্ট নির্বাচন: কড়া নিরাপত্তায় শেষ দিনের প্রচারণা

1105

ওয়ানবাংলানিউজ: বৃহস্পতিবার ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে শেষদিনের প্রচারণায় নেমেছে দলগুলো। সম্প্রতি ম্যানচেস্টার ও লন্ডনে সন্ত্রাসী হামলার পর কড়া নিরাপত্তায় চলছে প্রচারণা। পুলিশ জানায়, সারাদেশে পুলিশ দায়িত্বপালন করছে। ভোটগ্রহণের সময় নিরাপত্তা জোরদার থাকবে। মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সারাদেশে পুলিশ অভিযান শুরু হবে। প্রত্যেকটি মার্কেটে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, লন্ডনজুড়ে বিশেষ অভিযান চালানো হবে এবং যেকোনও পরিস্থিতির জবাব দেওয়া হবে।

সম্প্রতি লন্ডন ব্রিজে জঙ্গি হামলায় সাতজন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। এর আগে ২২ মে ম্যানচেষ্টারে আত্মঘাতী হামলায় ২২ জন মারা যান। নির্বাচনকে ঘিরেও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক নিরাপত্তা বিশেষজ্ঞ। তিনি জানান, ভোটগ্রহণ কেন্দ্র গুলো হামলার ঝুঁকিতে রয়েছে।

তবে ব্রিটিশদের নির্দ্বিধায় ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে এসেক্স পুলিশের প্রধান কনস্টেবল স্টিফেন কাভানাগ বলেন, ‘যখন এমন পরিস্থিতি আসবে। তখনই সবচেয়ে বেশি মানুষের ভোটদান করা উচিত। আমরা তাদের নিরাপত্তা প্রদানে শতভাগ চেষ্টা করবো।’

এদিকে শেষ দিনের প্রচারণায় ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, নির্বাচিত হলে সন্দেহভাজন সন্ত্রাসীদের মোকাবেলায় মানবাধিকার আইন পরিবর্তন করবেন তিনি। তিনি জানান, বিদেশি সন্ত্রাসী হিসেবে সন্দেহজনক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করার এবং বর্তমান হুমকি হিসেবে সন্দেহজনক ব্যক্তিদের স্বাধীনতা ও চলাফেরায় নিয়ন্ত্রণ আনবেন তিনি ।

তবে লেবার পার্টির বক্তব্য এমন কোনও বার্তা আমরা দিতে চাই না। লেবার পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, এমন কোনও বার্তা সমাজের কাছে কিংবা সন্ত্রাসীদের কাছে পৌঁছাতে চান না তারা।

আর লিবারেল ডেমোক্র্যাটদের অভিযোগ, এর ফলে প্রধানমন্ত্রী সন্ত্রাস নয় বরং মানুষের স্বাধীনতাই হ্রাস করতে চাইছেন।

সূত্র: বিবিসি