স্ত্রীকে গ্রেপ্তারে মিলল আইনজীবীর লাশ

1006

ঢাকা সংবাদদাতা: নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আইনজীবী রথীশচন্দ্র ভৌমিক বাবুসোনার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে রংপুর শহরে রথীশের বাড়ির আধা কিলোমিটার দূরে তাজহাট মোল্লাপাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে র‌্যাব।

রথীশের ভাই সুশান্ত ভৌমিক লাশ শনাক্ত করেন। র‌্যাব-১৩ অধিনায়ক আরমিন রাব্বি এই তথ্য নিশ্চিত করেন।

রথীশের স্ত্রী দীপা ভৌমিক এবং দীপার দুই সহকর্মীকে গ্রেপ্তারের পর তার লাশ উদ্ধার করা হলো। যে বাড়িতে রথীশের লাশ পাওয়া গেছে, তা দীপার সহকর্মী তাজহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলামের ভাইয়ের বাড়ি।

মেজর আরমিন রাব্বি জানান, দীপার সঙ্গে তার এক সহকর্মী শিক্ষকের সম্পর্কের জেরে রথীশ খুন হতে পারে। দীপার দেয়া তথ্যেই লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত রথীশ রংপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। এছাড়া জাপানি নাগরিক কুনিও হোশি এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন।

গত শুক্রবার সকালে নগরীর বাবুপাড়া এলাকার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রথীশ।