ফ্রেঞ্চ লিগের শিরোপা জিতলো পিএসজি

719

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল পিএসজিকে। তবে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও মোনাকোর বিপক্ষে জয় পেতে সমস্যা হয়নি পিএসজির।

এডিনসন কাভানির জোড়া গোল ও ডি মারিয়ার গোলে মোনাকোকে ৩-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগ কাপের শিরোপা জিতলো পিএসজি।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন কাভানি। ডি বক্সে ফরাসি ফরোয়ার্ড এমবাপে ফাউল করলে স্পট কিকের বাঁশি দেন রেফারি। আর তা থেকে সহজেই বল জালে জড়ান উরুগুয়ের এই তারকা।

ফরাসি ফরোয়ার্ড এমবাপের দারুণ পাসে বল পেয়ে ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। ম্যাচের ৩৫তম মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন কাভানি। এমবাপের বাড়ানো বল গোল করার মত অবস্থানে থেকেও জালে জড়াতে ব্যর্থ হন এই তারকা।

বিরতির ঠিক আগে মোনাকোর অধিনায়ক রাদামেল ফালকাও হেডে বল জালে পাঠালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তিতে তা বাতিল হয়।

বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে পিএসজি। ম্যাচের ৬০তম মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন এমবাপে। ম্যাচের ৭১তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল মোনাকো তারকা জুভেটিক। তবে লেমারের বাড়ানো বলে জালে জড়াতে ব্যর্থ হন।

ম্যাচের ৮৫তম মিনিটে এমবাপের বাড়ানো বল ধরে পিএসজির জয় নিশ্চিত করেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি।