প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না: কাদের

625

ঢাকা সংবাদদাতা: পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় এমন কোনো নজির নেই। প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না।

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সরকার সব প্রকার সহায়তা করবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে, কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে যেতে হবে।

এর আগে ওবায়দুল কাদের জানান, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়কের সংস্কার করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই মে মাসের মধ্যে এ সংস্কার কাজ শেষ করা হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।