লন্ডনের হামলার রেশ না কাটতেই প্যারিসে হামলার চেষ্টা

2234

ওয়ানবাংলানিউজ: লন্ডন হামলার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার প্যারিসে এই হামলার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। অবশ্য হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে নটর ডেম ক্যাথেড্রালের কাছে এই হামলা হয়েছে পুলিশের উপর।

পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান নটর ডেম ক্যাথেড্রালে আটকে পড়া অনেকে গোলাগুলির আওয়াজ পাওয়ার কথা জানিয়েছেন।ফরাসি পুলিশ বলেছে, নটর ডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করার পর তাকে গুলি করা হয়েছে।

হামলাকারী বুকে আঘাত পেয়েছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। গণমাধ্যমে বলা হচ্ছে, হামলাকারী ক্যাথেড্রালের কাছে প্যারিসের পুলিশ সদরদপ্তরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হয়। এ সময় পুলিশের গুলির আওয়াজে দর্শণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ এলাকাটি বন্ধ করে দিয়েছে এবং লোকজনকে দূরে সরে থাকতে বলেছে। প্যারিসে ২০১৫ সালে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে।
সূত্র: বিবিসি, বিডি নিউজ