ঢাকা সংবাদদাতা: রোহিঙ্গা ইস্যু সমাধান হওয়া বা না হওয়ায় চীনের নিজস্ব কোনো স্বার্থ নেই, বললেন নবনিযুক্ত রাষ্ট্রদূত। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে চীনা দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে জানালেন দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত ঝ্যাং জু।
বাংলাদেশ এবং চীনের দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে ঝ্যাং জু বলেন, দু’দেশের সম্পর্ক এখন আলাদা উচ্চতায় দাঁড়িয়েছে। বাংলাদেশ এবং মিয়ানমার আলোচনার ভিত্তিতে যেভাবে রোহিঙ্গা সমস্যার সমাধানের চেষ্টা করছে তারও প্রশংসা করেন নতুন রাষ্ট্রদূত। প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীন পূর্ণ সহযোগিতা করবে বলেও জানান তিনি।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চীন গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করে চীন।















