লা লিগার ম্যাচে বার্সেলোনায় এসে হালের লজ্জা নিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এল ক্লাসিকো ম্যাচ নয় কাতালান ক্লাব এস্পানিওলের কাছে ১-০ গোলে হারতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের। ১১ বছর পর প্রথম বারের মতো তুলনামূলক খর্ব শক্তির এই দলটির বিপক্ষে পরাজয়ের স্বাদ নিলো লসব্লাঙ্কোসরা।
মঙ্গলবার ঘরের মাঠে ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়ালের জালে বল জড়ান এস্পানিওলের ফরোয়ার্ড জেরার্ড মেরেনো। ২০০৭ সালের পর রিয়ালে বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।
শুরু থেতেই চলতি মৌসুমে ছন্দহীন ইউরোপ সেরা দলটি। তবে টানা পাঁচ ম্যাচ জয়ের পর আবারও পরাজয়ের লজ্জায় জিনেদিন জিদানের শীষ্যরা।
আগামী ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির মাঠে খেলতে যাবে টানা দুবারের চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে লিগ টেবিলের নিচের দিকের দলের বিপক্ষে এমন হতশ্রী পারফরম্যান্স নিশ্চিতভাবেই মাদ্রিদ শিবিরের জন্য সতর্কবার্তা।
চোটের কারণে আগে থেকেই বাইরে লুকা মদ্রিচ, টনি ক্রুস ও মার্সেলো। দলের সেরা তারকা রোনালদোকে বিশ্রাম দেয়া হয় এই ম্যাচে। সেই সঙ্গে আক্রমণভাগের আরেক সদস্য করিম বেনজেমাকে বেঞ্চে রেখে একাদশ সাজান জিদান।
২৬তম মিনিটে গোল খেতে বসেছিল স্বাগতিকরা। রাফায়েল ভারানের ভুলে বল পেয়ে যান মোরেনো। ডান দিক থেকে তার শট কেইলর নাভাসের পায়ে লেগে পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়। তবে রেফারি চোখ এড়িয়ে যাওয়ায় কর্নার পায়নি স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে আরও বেশি অগোছালো রিয়াল অবশেষে ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটের নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এস্পানিওল।
এই হারে লা লিগায় ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।















