খালেদা জিয়াকে সহজে মুক্তি দেবে না সরকার: অলি আহমেদ

698

ঢাকা সংবাদদাতা: ক্ষমতাসীনদের কথাবার্তা ও আচরণে খালেদা জিয়াকে সহজে জামিন না দেওয়ার ইঙ্গিত পাচ্ছেন এলডিপির সভাপতি অলি আহমেদ। তাকে (খালেদা জিয়া) কারাগারে রেখে সরকার ‘সুপরিকল্পিত কৌশলে’ এগোচ্ছে বলেও দাবি করেছেন ২০ দলীয় জোটের এই শীর্ষ নেতা।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অলি আহমেদ ব‌লেন, ‘আওয়ামী লীগ খা‌লেদা জিয়া‌কে কারাগা‌রে ব‌ন্দি‌ রে‌খে সুপ‌রিকল্পিতভা‌বে যে কৌশ‌লে এগু‌চ্ছে তা বিএন‌পি না বুঝ‌লেও আমরা বু‌ঝি।’

‘শুধু তাই নয়, সরকারের মন্ত্রী-এমপিদের কথাবার্তা শুনেও স্পষ্ট বুঝতে পার‌ছি, বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদৌ সহজে মু‌ক্তি দেওয়া হবে না। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার বিকল্প নেই জানিয়ে অলি আহমেদ বলেন, ‘বিএনপির কিছু কিছু নেতা বলেন আজ, কাল খালেদা জিয়ার জামিন হয়ে যাবে। কিন্তু তারা কীসের ভিত্তিতে বলেন সেটা তারাই ভালো জানেন। যেখা‌নে সরকার এই-সেই ক‌রে জনগণ‌কে বু‌ঝি‌য়ে দি‌চ্ছে। তাই খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের জন্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাকে কারাগার থেকে মুক্ত করে আনতে হবে। এর কোনো বিকল্প নেই,’ বলেন তিনি।

‘খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও সংকটে আগামী জাতীয় নির্বাচন’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’ নামের একটি সংগঠন।

অলি আহমেদ বলেন, ‘এক-এগারোতে অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমান সরকারের অনেক নেতার বিরুদ্ধেও মামলা হয়েছিল। কিন্তু রাজনৈতিক বিবেচনায় তাদের মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। আর খালেদ জিয়া ও তারেক রহমানের বিরু‌দ্ধে মামলাগুলো চালু রেখে হয়রানি করা হচ্ছে।’

নেতা-কর্মীদের উদ্দেশ করে ২০ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি ও ২০ দল নির্বাচনে অংশ নিবে কি না? কারণ এখন ঐক্যবদ্ধ হতে না পারলে আন্দোলন সফল হবে না।’

সংঘাতে না জড়িয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায় করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপিকে ঘরের মধ্যে আন্দোলন করতে ওবায়দুল কাদেরের দেওয়া পরামর্শের প্রসঙ্গ তুলে অনুষ্ঠানে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘সে হয়ত জানে না রাজনীতি সব জায়গাতে হয়। সে আমার ছাত্র ছিল। আমি হয়ত তাকে শিখাতে পারিনি। তাই এ মুহূর্তে তার কথা শুনে থাকাই ভালো।’

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন আর কারো জেলে যাওয়ার দরকার নাই। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো সংঘাতে জড়ানো যাবে না।’

সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, এলডিপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।