কেন্দ্রীয় জাসাসের গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন

1003

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদাজিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত গণ স্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এ গণস্বাক্ষর কমর্সূচীর আয়োজন করে জাসাস।
১৮ ফেব্রুয়ারি রোববার বেলা ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণস্বাক্ষর অনুষ্ঠানে জাসাসের সভাপতি ড. মামুন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসভাপতি বরকত উল্লাহ বুলু।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে। আর সেই জন্য তারা প্রতিহিংসার রাজনীতিতে দগ্ধ। ধ্বংস হওয়ার আগে সবকিছু উল্টা-পাল্টা হয়ে যায়। আওয়ামী লীগেরও সে রকম হচ্ছে।
নজরুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ মনে করেছিল খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর বিএনপির নেতাকর্মীরা রাজপথে গাড়ি ভাঙচুর করবে। আর সেই সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নাশকতা করবে, গাড়িতে আগুন দেবে। আর দোষ দেবে বিএনপির। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ না হওয়ায় তারা এখন প্রতিহিংসার আগুনে পুড়ছে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বেগম খালেদা জিয়া সাবেক তিন বারের প্রধানমন্ত্রী। কিন্তু বর্তমান সরকার তাঁর সঙ্গে সঠিক আচরণ করেনি। তাঁর প্রাপ্ত সম্মান তাকে দেয়নি। আমরা সরকারের এমন আচরণের তীব্র নিন্দা জানাই।’ তিনি আরো বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভালোভাবে নেয়নি। তারা অনেকেই এর সমালোচনা করেছে। সরকারের এমন প্রতিহিংসাপরায়ণ আচরণে মর্মাহত হয়েছে।

সে সময় জাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি জাহাঙ্গীর আলম রিপন, আহসান উল্লাহ চৌধুরী, ঢাকা মহানগর জাসাসের আহবায়ক মীর সানাউল হক, জাসাস সহসভাপতি কন্ঠশিল্পী হাসান চৌধুরী, সিনিয়ার যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল হান্নন মাছুম, মাকসুদুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবাসানু, জাসান নেতা নাহিদ উল্লাহ চৌধুরী, আশরাফুল ইসলাম দিপু, আহসান হাবিব, আনোয়ার হোসেন আনু, আব্দুল মালেক প্রমুখ। এছাড়া জাসাসের গণস্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন জেলা. থানা ও রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাশেষে জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান গণস্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গে এ প্রতিবেদকের সাথে বলেন, মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারান্তরীণ এরচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর কি হতে পারে। নেত্রীর কারাবাস বিলম্বিত করতে সরকার এখনো রায়ের কপিটা পর্যন্ত দেয়নি। গণ স্বাক্ষর প্রদানের মাধ্যমে দেশের মানুষ অবিলম্বে বাংলাদেশের মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার আহবান জানাচ্ছে সেই সাথে ক্ষমতালিপ্সু আওয়ামী লীগের প্রতি তারা ধিক্কার জানাচ্ছে, অবিলম্বে তাদের পতন কামনা করছে।
হেলাল খান আরো জানান, যতদিন পর্যন্ত দেশনেত্রীর মুক্তি না হবে ততোদিন পর্যন্ত বিভিন্ন পর্যায়ের সকল আন্দোলনে জাসাস অগ্রণী ভূমিক পালন করে যাবে। সেই সাথে সারাদেশের জনগণের গণস্বাক্ষর সংগ্রহে কাজ করবে।