মানুষ এখন পুলিশকে ভয় পায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

777

ঢাকা সংবাদদাতা: পুলিশে অনেক পরিবর্তন এসেছে। পুলিশ আগের থেকে এখন অনেক বেশি জনবান্ধব হয়েছে। মানুষ এখন পুলিশকে ভয় পায় না, ভালোবাসেন- বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে পুলিশ তৈরি হয়েছে, সেই পুলিশ আর আগের পুলিশ এক নয়। এখন মানুষ পুলিশকে আর ভয় পায় না, ভালোবাসে।
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ছিল বর্ণাঢ্য সব আয়োজন। মূল অনুষ্ঠান শুরুর আগে পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পরই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় ডিএমপির নানা অর্জন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে পুলিশের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।
ডিএমপি কমিশনার মো: আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সদ্য দায়িত্বভার গ্রহণ করা মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পেশাদারিত্ব ও দতা নিয়ে পুলিশকে আগেও দায়িত্ব পালনে দেখা গেছে, আগামীতেও দেখা যাবে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ সফল হয়েছে। এর বেশির ভাগ কৃতিত্ব ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের। আর পুলিশ এখন জনবান্ধব, জনগণের বন্ধু।
স্বাগত বক্তব্যে ডিএমপি কমিশনার নগরবাসীর সেবায় গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন। এ সময় পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।