‘সোনার বাংলা গড়তে এক সেকেন্ডই যথেষ্ট’

770

ঢাকা সংবাদদাতা: দেশের প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করেন তাহলে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হতে এক সেকেন্ড সময়ই যথেষ্ট- এ কথা বলেছেন আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

শুক্রবার সুপ্রিম কোর্ট ভবনের মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা হোসেইন হায়দার বলেন, ‘আমি, আমরা নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করলে সোনার বাংলা গড়তে এক সেকেন্ড সময় লাগবে।’

তিনি বলেন, ‘প্রত্যেকেই শুধু তাদের নিজের দায়িত্বটুকু সঠিক ভাবে পালন করলে দেশ আগাতে সময় লাগবে না।’

তিনি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ শিল্পাচার্য জয়নুল আবেদীন, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, সুকুমার রায় ও বিখ্যাত ব্যক্তিদের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘তারা এই দেশের উন্নয়নের জন্য নানাভাবে অবদান রেখেছেন। আমরা সোনার বাংলা গড়ার জন্য ময়মনসিংহ থেকে এই উদ্যোগ নিতে পারি।

বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এ কে এম ফজলুল হক খান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: নুরুজ্জামান ননী, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মো: বদরুজ্জামান, বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আমির হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মনজুরুল হক।