ঢাকা সংবাদদাতা: আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত নাশকতা সৃষ্টি করতে পারে। বললেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের কাছে এ কথা বলেন। একইসঙ্গে আগামী তিন ফেব্রুয়ারির সমাবেশকে স্থগিত ঘোষণা করেন।
শামীম ওসমান আরও বলেন, খালেদা জিয়ার এই রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। এই সুযোগে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত বিএনপির ওপর ভর করে দেশে যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তার পরিপ্রেক্ষিতে আমি চেয়েছিলাম নারায়ণগঞ্জের মানুষকে আগে থেকেই সচেতন করতে। তবে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এ ব্যাপারে এখনো মতামত চূড়ান্ত করতে পারিনি। তাই সমাবেশ স্থগিত করা হয়েছে।
বর্তমান সরকারের আলোচিত এই সংসদ সদস্য আরও বলেন, আট তারিখের রায়ের পর আমরা সুবিধামতো সমাবেশ করবো। আশা করছি সেই সমাবেশে শুধু আওয়ামী লীগ নয়, স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক শক্তিই থাকবে।
তিনি বলেন, আমরা শান্তি চাই। চাই দেশে গণতন্ত্রের বিকাশ ঘটুক। জ্বালাও-পোড়াও আর মানুষ মারা কোনো গণতান্ত্রিক সংগ্রাম না। কেউ যদি জ্বালাও-পোড়াও করে মানুষের সম্পদ নষ্ট করতে চায় তাহলে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ জনগণকে নিয়েই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।















