অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ফেদেরার

598

খেলাধুলা ডেস্ক: চোটের জন্য শীর্ষবাছাই নাদাল কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে ব্যর্থ হলেও চলতি অস্ট্রেলিয়ান ওপেনের রজার ফেদেরারকে আটকানো যাচ্ছে না। গতবারের চ্যাম্পিয়ন ফেদেরার ঝড়ের গতিতে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে। ক্যারিয়ারের ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে মাত্র দু’কদম দূরে দাঁড়িয়ে ফেডেক্স।

কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই সুইস তারকা ৭-৬ (৭-১), ৬-৩, ৬-৪ সরাসরি সেটে পরাজিত করেন ১৯তম বাছাই চেক তারকা টমাস বার্ডিচকে। নাদাল-জকোভিচরা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। সুতরাং, ফেদেরারের শিরোপা ধরে রাখার রাস্তা তার সামনে কার্যত পরিস্কার।

পেশাদার সার্কিটে বার্ডিচের সঙ্গে ফেদেরারের ব্যক্তিগত দ্বৈরথ দীর্ঘদিনের। বলা বাহুল্য, সেই ডুয়েলে রজার এগিয়ে রয়েছেন প্রায় একতরফাভাবে। এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মোট পাঁচবার মুখোমুখি লড়াইয়ে নামলেন ফেদেরার-বার্ডিচ। পাঁচবারই চেক প্রতিপক্ষকে হতাশ করেছেন সুইস কিংবদন্তি। সব মিলিয়ে ২০-৬ ব্যবধানে বার্ডিচকে পিছনে ফেলে দিলেন ১৯ বারের মেজরজয়ী ফেডেক্স।

সেমিফাইনালে ফেদেরার মুখোমুখি হবেন নতুন প্রজন্মের অন্যতম সেরা তারকা হিয়ন চুংয়ের। ২১ বছর বয়সি কোরিয়ান তরুণ অপর কোয়ার্টার ফাইনালে ৬-৪, ৭-৬ (৭-৫), ৬-৩ সেটে পরাজিত করেছেন মার্কিন তারকা টেনিস স্যান্ডগ্রিনকে। হিয়ন প্রথম কোরিয়ান তারকা, যিনি কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিলেন। সেদিক থেকে ইতিমধ্যেই তিনি ইতিহাসে জায়গা করে নিয়েছেন। কোরিয়ান তরুণ যে রকম ছন্দে রয়েছেন, তাতে শেষ চারে ফেদেরারকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন।