ওয়ানবাংলানিউজ: আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। দেশটির দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফঁাঁকে মুখোমুখি হবেন এই দুই বিশ্বনেতা। হোয়াইট হাউস ও ডাউনিং স্ট্রিট বৈঠকের খবর নিশ্চিত করেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ট্রাম্প-মে বৈঠকে সিরিয়া ও উত্তর কোরিয়ার মতো বৈদেশিক নীতির বিষয়গুলো অগ্রাধিকার পাবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক জোরদার করার জন্য আগামী সপ্তাহে দাভোসে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্টের দাভোস সফরসূচি পরে প্রকাশ করা হবে।
এর আগে লন্ডনে নতুন মার্কিন দূতাবাস নির্মাণে অসন্তোষ প্রকাশ করে যুক্তরাজ্য সফর বাতিল করেন ডনাল্ড ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছিল, ওই সময়ে ট্রাম্প যুক্তরাজ্য সফর করলে সেখানে তীব্র বিক্ষোভের মুখে পড়তেন। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দাভোসের সুইস স্কি রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে।















